শাহজালাল বিমানবন্দরে ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট
ছবি: সংগৃহীত
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৮ দিনে মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় শুক্রবারও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি এবং জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি ফ্লাইট।
তবে এই পরিস্থিতির মধ্যেও সীমিত পরিসরে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ৫৮টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। এ সময়ে মাস্কাট (ওমান), সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী কিছু ফ্লাইট চলাচল করেছে।
আরও পড়ুন: এপ্রিলেও পাঁচ দিনের ছুটির সুযোগ
এদিকে, ২৭ মার্চ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








