বাংলাদেশের প্রতি অবিচল সমর্থনের আশ্বাস জাতিসংঘ মহাসচিবের
ছবি: সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
শুক্রবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে গুতেরেস নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন তিনি।
এসময় বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে বলেন, এতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘ওসমান হাদির খুনিদের ফেরাতে বন্দি বিনিময় প্রক্রিয়া চলছে’
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








