News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২৭ মার্চ ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা ও জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার শাইখুল হাদিস মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯), ছেলে সাঈদ আশরাফ (৭) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)। জামাল হোসেন বরিশালের বাসিন্দা। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রাইভেটকারটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী, মেয়ে এবং চালককে মৃত ঘোষণা করেন। আহত সাঈদ আশরাফ ও তার ভাই আবরারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাঈদের মৃত্যু হয়।

আরও পড়ুন: পদ্মায় বাসডুবিতে নিহত ২৬ জনের ১৮ জনই রাজবাড়ীর

ওসি আব্দুল মোমেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়