বুশেহরে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
ছবি: নিউজবাংলাদেশ
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) নিকটবর্তী এলাকায় সাম্প্রতিক হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া।
বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।
মস্কোর দাবি, এ ধরনের কর্মকাণ্ড একটি বড় মাপের পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে, যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) প্রথম ইউনিটের আশপাশে নতুন করে হামলা চালানো হয়েছে। এতে একটি বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে মস্কো।
রাশিয়ার অভিযোগ, হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে একটি গুরুতর পারমাণবিক বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে, যার মাধ্যমে নিজেদের ‘অপরাধমূলক কার্যক্রম’ আড়াল করার প্রচেষ্টা থাকতে পারে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপে ইতোমধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: ইরানি আগ্রাসন আর সহ্য করা হবে না: জাতিসংঘে সৌদি আরবের চরম হুঁশিয়ারি
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বুশেহর পারমাণবিক স্থাপনাটিতে সরাসরি আঘাত হানা হলে তা ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ে রূপ নিতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তবে হামলার তীব্রতা এবং কেন্দ্রটির কাছাকাছি এলাকায় আঘাত হানার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।
এদিকে, কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে মস্কো। তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এমন পরিস্থিতিকে রাশিয়া ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।
রাশিয়া অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, যারা ‘বেপরোয়া ও অযৌক্তিকভাবে’ ইরানে হামলা চালাচ্ছে, তাদের সংযত হওয়া জরুরি।
উল্লেখ্য, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ ঘটনায় সংস্থাটি এবং জাতিসংঘের কাছ থেকে দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করেছে রাশিয়া।
অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুশেহর পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে না এমন কোনো নিশ্চয়তা এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজবাংলাদেশ.কম/পলি








