ঢাকা থেকে সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার
ছবি: সংগৃহীত
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবির একটি দল ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতি অবিচল সমর্থনের আশ্বাস জাতিসংঘ মহাসচিবের
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








