বিশ্বের সবচেয়ে বড় চিপ কারখানা গড়ার ঘোষণা ইলন মাস্কের
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় চিপ উৎপাদন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের যৌথ উদ্যোগে ‘টেরাফ্যাব’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হবে প্রায় ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক লাইভস্ট্রিমে এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ‘টেরাফ্যাব’-এর লক্ষ্য প্রতি বছর এক টেরাওয়াট সমপরিমাণ কম্পিউটিং সক্ষমতা উৎপাদন করা, যা তার প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ক্রমবর্ধমান চিপের চাহিদা পূরণে সহায়ক হবে।
লাইভস্ট্রিমে মাস্ক বর্তমান চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান-স্যামসাং, টিএসএমসি ও মাইক্রনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, ভবিষ্যতে টেসলা ও স্পেসএক্সের প্রয়োজনীয় কম্পিউটিং শক্তির তুলনায় বিদ্যমান সরবরাহকারীরা মাত্র ২ শতাংশ পর্যন্ত সরবরাহ করতে সক্ষম হবে।
মাস্কের ভাষায়, আমাদের ‘টেরাফ্যাব’ তৈরি করতে হবে, না হলে প্রয়োজনীয় চিপ পাওয়া যাবে না।
প্রকল্পটির কাজ শুরু হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে, যেখানে টেসলার সদর দপ্তর অবস্থিত। ‘অ্যাডভান্সড টেকনোলজি ফ্যাব’ নামে এই স্থাপনায় দুই ধরনের চিপ তৈরি করা হবে—একটি পৃথিবীতে ব্যবহারের জন্য, যেমন টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ও ‘অপটিমাস’ রোবটের জন্য; অন্যটি মহাকাশে ব্যবহারের উপযোগী উন্নত ও টেকসই চিপ।
এদিকে, স্পেসএক্সের পক্ষ থেকে কক্ষপথে ‘অরবিটাল ডেটা সেন্টার’ স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এক মিলিয়ন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)-এর কাছে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: এআইতে যুক্ত হচ্ছে ‘আস্ক সিরি’ বাটন
তবে বিশ্লেষকদের মতে, মাস্কের ঘোষিত এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বাস্তবে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। এর আগে হাইপারলুপ, নির্দিষ্ট মূল্যের সাইবারট্রাক কিংবা পূর্ণ স্বচালিত ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








