News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ মার্চ ২০২৬

খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান

খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৮তম দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তেহরান থেকে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন ও আল মায়াদিন ইংলিশ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি খামেনির মৃত্যুর ঠিক আগমুহূর্তে তোলা। এতে তাকে তেহরানে নিজ কার্যালয়ে কাজ করতে দেখা যায়। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে খামেনির বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। পরবর্তীতে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে ওই স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছিল, দায়িত্ব পালনরত অবস্থায় হামলায় নিহত হন খামেনি। একই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার পর খামেনির মরদেহের ছবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়।

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও ইরান পাল্টা হামলা জোরদার করেছে বলে জানা গেছে। দেশটির পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তর এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে আসতে হবে: ট্রাম্প

বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়