ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন।
তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি ডিজেল আসতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তেল পৌঁছায় এবং শুক্রবার সকাল ৮টার মধ্যে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে বিতরণ সম্পন্ন করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আট জেলায় সেচ ও পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি বছরে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পাওয়া গেছে। এছাড়া গত ১১ মার্চও একই পরিমাণ ডিজেল এসেছে।
আরও পড়ুন: সোনার দাম ভরিতে কমেছে ৬,৫৯০ টাকা
বিপিসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আসার কথা রয়েছে। পাশাপাশি আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাবও দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








