চট্টগ্রামে তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু
শিশু তালহা বিন শহীদ ভূঁইয়া। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তসবিহর একটি ঘুঁটি গিলে গলায় আটকে যাওয়ায় তালহা বিন শহীদ ভূঁইয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় খেলতে গিয়ে অসাবধানতাবশত তসবিহর একটি ঘুঁটি গিলে ফেলে শিশুটি। এতে ঘুঁটিটি তার গলায় আটকে যায়। পরে দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তসবিহর ঘুঁটি গলায় আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।
নিউজবাংলাদেশ.কম/এসবি








