News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

‘আর কোনো মুক্তিযোদ্ধা বিনাচিকিৎসায় মারা যাবে না’

‘আর কোনো মুক্তিযোদ্ধা বিনাচিকিৎসায় মারা যাবে না’

ঝিনাইদহ: আর কোনো মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় মারা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মল হক এমপি।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চাকলাপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, “বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় মারা যাবে না। তারা যাতে বিনাচিকিৎসায় মারা না যায় এজন্য সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, “পর্যায়ক্রমে সারা দেশের বধ্যভূমি ও শহিদ মুক্তিযোদ্ধাদের কবরগুলো সংরক্ষণ করা হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস সংযোজন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।”

তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। এতে যদি কেউ প্রতারণা করে মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশে লোক নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়নি এমন অভিযোগ আমার কাছে এসেছে। অভিযোগের ভিত্তিতে তা তদন্ত করা হচ্ছে।”

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল প্রমুখ।

উল্লেখ্য, মতবিনিময় সভায় জেলার ৬টি উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়