News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৭ মার্চ ২০২৬

হেলমেট বাহিনী এখন ‘গুপ্ত’ ঘাতক: ভূমিমন্ত্রী

হেলমেট বাহিনী এখন ‘গুপ্ত’ ঘাতক: ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাবেক আওয়ামী শাসনামলের বিতর্কিত ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত’ বাহিনীতে রূপান্তর হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তিনি দাবি করেছেন, এই গুপ্ত বাহিনীই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ‘মব’ সৃষ্টি করে অস্থিরতা তৈরির পেছনে কলকাঠি নাড়ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার অভিযোগ, দেশের বিদ্যমান অস্থিতিশীলতার পেছনে তাদেরই ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই এই বাহিনীর সদস্যরা নতুন রূপে আত্মপ্রকাশ করেছে।

মিজানুর রহমান মিনু বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। 

তিনি জোর দিয়ে বলেন, বিএনপির মূল অঙ্গীকার ‘সবার আগে বাংলাদেশ’ এবং দলটি কোনো প্রভুত্ববাদে নয়, বরং পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার নীতিতে বিশ্বাসী। তার মতে, দেশের সাধারণ মানুষই বিএনপির প্রধান শক্তি।

আরও পড়ুন: ক্ষমা না চেয়ে নতুন বয়ান দিচ্ছে জামায়াত: ছাত্রদল সভাপতি

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়; এটি মূলত তৃণমূল কর্মীদের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি রাজনৈতিক শক্তি, যেখানে কর্মীরাই দলের প্রাণশক্তি।

ভূমি মন্ত্রণালয়ের খাসজমি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে বিপুল পরিমাণ খাসজমি থাকলেও বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা চাইলে এসব জমি দখল করে দলীয় অফিস করতে পারতাম। কিন্তু আমরা তা করব না। বরং দলের মহাসচিবের নামে জমি ক্রয় করে বৈধভাবে স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে, যোগ করেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। 

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিনসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়