News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ মার্চ ২০২৬

নতুন চেহারায় হাজির হয়েছে একাত্তরের অপশক্তি: মির্জা ফখরুল

নতুন চেহারায় হাজির হয়েছে একাত্তরের অপশক্তি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

একাত্তরের পরাজিত অপশক্তি নতুন অবয়বে জনসম্মুখে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও স্বাধীনতার শত্রু-মিত্র নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। যারা একাত্তরে আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে সরাসরি সহযোগিতা করে গণহত্যা চালিয়েছে, তারা আজ নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে। এই অপশক্তির বিষয়ে দেশের সাধারণ মানুষকে সর্বোচ্চ সজাগ ও সাবধান থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: হেলমেট বাহিনী এখন ‘গুপ্ত’ ঘাতক: ভূমিমন্ত্রী

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সংহতি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা সর্বদাই বিএনপির সঙ্গে আছি এবং আমৃত্যু এই দলের সঙ্গেই থাকব। নেতৃত্বের জনপ্রিয়তা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রভাব উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের মানুষের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান।

বিগত দিনগুলোর কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, গত ১৮ বছর আমরা অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি। আমাদের স্বাভাবিক জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে। তবে সকল বাধা ও অপশক্তিকে পরাজিত করেই আমাদের স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

একই সভায় উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জাতীয় জীবনে একাত্তরের গুরুত্ব সবার আগে রাখা হবে। একাত্তরের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সাথে মেলানো যাবে না।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়