বর্ষবরণের ঘটনা তদন্তে ডিএমপির দুই কমিটি
ঢাকা: পহেলা বৈশাখ উদযাপনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার বেলা সোয়া একটার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “নারী লাঞ্ছনার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। অন্য কমিটি পুলিশের ভূমিকা ও দায়-দায়িত্ব খতিয়ে দেখবে।”
মনিরুল জানান, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত কোনো অপরাধীকে শনাক্ত করা যায়নি। যারা নিপীড়নের শিকার হয়েছেন তাদেরও সন্ধান মেলেনি।
তিনি বলেন, “যদি কেউ নিগৃহীত হয়ে থাকেন, পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে।”
ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্রাহীম ফাতেমীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-কমিশনার (লজিস্টিক) ওয়াই এম বেলালুর রহমান ও উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
অন্য কমিটিতেও এই তিন জনকেই রাখা হয়েছে।
উল্লেখ্য, নারী লাঞ্ছনার ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। গত বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








