ভোটের ১০ মাস পর তারা ভাতা পেলেন
মাদারীপুর: সদর উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের ১০ মাস পর সম্মানীভাতা পেলেন আনসার-ভিডিপি সদস্যরা। শনিবার সকাল থেকে জেলা কমান্ডের কার্যালয়ে ১৩৬৮ জন আনসার-ভিডিপি সদস্যকে এ ভাতা দেয়া হয়।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাঁচ দিনের মধ্যে ভাতা দেয়ার কথা থাকলেও সে ভাতা দেয়া হয় আজ শনিবার। শেষ পর্যন্ত এ ভাতা পেয়ে খুশি তারা।
জানা গেছে, ভোট কেন্দ্রে দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের জনপ্রতি ১৯২০ টাকা ও দলনেতাদের ২০৭০ টাকা করে দেয়া হয়।
জেলা আনসার-ভিডিপি কমান্ডার মোল্লা আবু সাঈদ নিউজবাংলাদেশকে বলেন, “একাধিকবার নির্বাচন কমিশনারের কাছে এ সম্মানীভাতা পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। বরাদ্দ হাতে পৌঁছানোর পরেই তা প্রদান করা হয়।”
উল্লেখ্য, গত বছরের ২৬ জুন সদর উপজেলা নির্বাচনে ১১৪টি ভোটকেন্দ্রে ১৩৬৮ জন আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রাপ্য সম্মানীভাতার দাবিতে ৫ নভেম্বর তারা শহরের স্বাধীনতা অঙ্গনে মানবন্ধন করেন।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








