জাফরউল্লাহর সভায় গুলিতে ওসিসহ আহত ৭
ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতার শটগান থেকে বেরিয়ে আসা গুলিতে পুলিশের ওসিসহ সাতজন আহত হয়েছেন। তবে জাফরউল্লাহ অক্ষত রয়েছেন।
শনিবার সকালে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা জাফরউল্লাহ পথসভা করছিলেন। পথসভার একপর্যায়ে সেখানে উপজেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদারের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে পড়ে। এতে ভাঙ্গা থানার ওসি এবং ছয়জন আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হন।
ওসি নাজমুল কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
নিউজবাংলাদেশ/এফএ
নিউজবাংলাদেশ.কম








