‘সীমান্ত রক্ষায় ৭০-৭৫ শতাংশ বিজিবি সদস্য নিয়োজিত’
দিনাজপুর: দেশের সীমান্ত রক্ষায় ৭০-৭৫ শতাংশ বিজিবি সদস্য নিয়োজিত বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
শনিবার সকাল ১০টায় জেলা বিজিবি সেক্টরে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। তিনি বলেন, “৭০-৭৫ শতাংশ বিজিবি সদস্য ব্যবহৃত হয় সীমান্ত রক্ষায়, আর মাত্র ১০-১২ শতাংশ বেসামরিক কাজে।”
বিজিবি মহাপরিচালক বলেন, “সাড়ে ৩ মাস ধরে বিজিবি বেসামরিক কাজে সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। বেসামরিক কাজে দায়িত্ব পালনে সীমান্ত রক্ষার মূল দায়িত্বে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না।”
তিনি আরো বলেন, “বিজিবিএম, পিএসসিজি বলেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামারিক প্রশাসন চাইলে বিজিবি মোতায়েন হয়। বিজিবি হরতাল-অবরোধে প্রথম মোতায়েন হয় না। প্রশাসনের চাহিদা মোতাবেক বিজিবি মোতায়েন হয়।”
জেনারেল আজিজ বলেন, “এখানে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা কিংবা সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়ার প্রশ্ন আসে না। সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই বিজিবি এটি করছে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, দিনাজপুর বিজিবি সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর এএসএম রবিউল হাসান, প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








