পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় মামলা
পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
বুধবার রাতে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম ভূঁইয়া জানান, শ্লীলতাহানি ও এতে সহায়তার অভিযোগে বুধবার রাতে মামলা হয়েছে। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের দপ্তরে লিখিতভাবে ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালে জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় বৃহস্পতিবার রুল জারি করেছেন হাইকোর্ট। ঘটনা তদন্ত করে ১৭ মে তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








