News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস

শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস

ঢাকা: আগামীকাল ১৭ এপ্রিল শুক্রবার, ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৫ পালনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 

১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হবে।

সকাল ৮টায় মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস এবং স্কুলের ছাত্র-ছাত্রীগণ কর্তৃক গার্ড অব অনার প্রদান এবং কুচকাওয়াজ প্রদর্শিত হবে।

এদিন সকাল ৯টা ৩০ মিনিটে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়