হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট, ফিরতি ২৭ সেপ্টেম্বর
ঢাকা: চলতি বছরের হজ ফ্লাইট ১৬ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সচিবালয়ে হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে এয়ার লাইন্সের প্রস্তুতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, “চলতি বছরের হজ ফ্লাইট ১৬ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আবার ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।”
মন্ত্রী আরো বলেন, “সৌদি সরকারের প্রদত্ত রেংকিংয়ে গতবছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে।”
মেনন বলেন, “বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭শ’ ৫৮ জন হজ পালন করতে পারবেন। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ার লাইন্স সমানুপাতিক হারে যাত্রী পরিবহন করবে । হজের জন্য ওয়ানওয়ে টিকেটের কোনো সুযোগ থাকছে না।”
তিনি সাংবাদিকদের বলেন, “ফিরতি ফ্লাইটের যাত্রীদের সুবিধার্থে মক্কা-মদিনায় চেকিং পয়েন্টস ব্যবস্থা রাখা হবে। এর ফলে বিমানবন্দরে যাত্রীদের মালামাল পরিবহন কিংবা চেকিংয়ের বিড়ম্বনা পোহাতে হবে না।”
তিনি আরো বলেন, “সিদ্ধান্ত অনুযায়ী হজযাত্রীদের জমজমের পানিও আনতে হবে না। এয়ার লাইন্স দুটি নিজ উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করবে।”
রাশেদ খান মেনন বলেন, “এবছর হজ ফ্লাইট আরো সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভলান্টিয়ার সার্ভিসিংয়ের ব্যবস্থা করা হবে। কেট নিয়ে যাত্রীদের অতীতে যে বিড়ম্বনা পোহাতে হয়েছে এবছর থেকে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য টিকেটিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হয়েছে।”
তিনি বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি হজযাত্রী লাগেজে ৩২ কেজি এবং হাতে সাত কেজি মালামাল পরিবহন করতে পারবেন।”
বৈঠকে এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সৌদি এয়ারলাইন্সের নির্বাহী মীর ওমর খইয়াম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (সেলস) মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








