টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ একই পরিবারের পাঁচজন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কালিহাতীর ধলাটেংগর নামক স্থানে পৌঁছালে হঠাৎ বাসটির জ্বালানি তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী নিচে নেমে আসেন এবং বাসের অপেক্ষায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের একদম পাশেই অবস্থিত রেললাইনে বসে গল্প করছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে তসবিহর ঘুঁটি গলায় আটকে শিশুর মৃত্যু
অসাবধানতাবশত রেললাইনে বসে থাকার সময় হঠাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে চলে আসে। রেললাইন থেকে সরে যাওয়ার আগেই ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের দেহের অবস্থা এবং পারিপার্শ্বিকতা বিবেচনা করে ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বিকল হয়ে পড়ার কারণেই যাত্রীরা রেললাইনে গিয়ে বসেছিলেন। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








