News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৪, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

গৃহকর্মীর জন্য নীতিমালা বাস্তবায়নের দাবি

গৃহকর্মীর জন্য নীতিমালা বাস্তবায়নের দাবি

ঢাকা: বাড়িতে একটি আলমারী কিনার আগে জায়গা ঠিক করা হলেও গৃহকর্মী নেওয়ার আগে ঠিক করা হয় না সে কোথায় ঘুমাবে। এমন মন্তব্য করেছেন ডমেস্টিক ওয়ার্কস রাইটস নেটওয়ার্কের সমন্বয়কারী সাঈদ সুলতান উদ্দিন আহমেদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রিফিউজ অ্যান্ড মাইগ্রেশন মুভমেন্ট রিসার্চ ইউনিট এবং ডমেস্টিক ওয়ার্কস রাইটস নেটওয়ার্কের আয়োজনে বাংলাদেশের গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এসময় গৃহশ্রমকে মানবিক করার জন্য তাদের অধিকার সম্বলিত খসড়া আইনটি চূড়ান্ত করে আইন হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

আলোচনায় বক্তারা বলেন, ২০১০ সালে বাংলাদেশ সরকার গৃহকর্মীদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের জন্য একটি খসড়া নীতি প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে শ্রম আইন পরিবর্তনের জন্য একটি মূল্যায়ন তুলে ধরা হয়। কিন্তু বিষয়টির এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

গৃহকর্মীর বর্তমান অবস্থা তুলে ধরে তারা বলেন, ২০০৬ সালের শ্রমশক্তির জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট গৃহশ্রমিকের সংখ্যা ৩,৩১০০০ হাজার যার ৮৩ শতাংশই নারী।

গৃহকর্মীর নীতিমালা সম্পর্কে তারা বলেন,  ২০১০ সালে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার উপর একটি খসড়া নীতিমালা করা হয়। । ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন অকার্যকর রয়েছে এবং এটি বাস্তবায়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না’ মর্মে ২০১৪ সালের এক জুলাই হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করে সরকারকে কারণ দর্শাতে বলেন। বর্তমানে খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছ।

বক্তারা বলেন,  যেখানেই গৃহকর্মী নির্যাতন করা হয় সেখানে আমরা একটি হলেও প্রতিবাদ করার চেষ্টা করি।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের লেকচারার ফাহমিদা ইয়াসমিন রিপা, নাগরিক উদ্যোগের জাকির হোসেন, জাতীয় নারী শ্রমিক ইউনিয়নের আবুল হোসেন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়