শাস্তি দিতে না পারলে সরে দাঁড়ান: এমাজউদ্দিন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের সময় নারী নিপীড়নের ঘটনায় ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ সরকারের উদ্দেশে বলেছেন, দুর্বৃত্তদের শাস্তি দিতে না পারলে সরে দাঁড়ান।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি সরকারের উদ্দেশে একথা বলেন।
তিনি বলেন, “যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা গর্ব করছি সে বিশ্ববিদ্যালয়ে কলংকের কালি মেখে দিয়েছে সরকারের সমর্থনে থাকা কিছু দুর্বৃত্ত। যারা জঘন্য এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে এমন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করতে না পারে। আর যদি শাস্তি দিতে না পারেন তাহলে সরে দাঁড়ান।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, জনন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাসে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা লাঞ্ছনার শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এসব ঘটনার বিচার করতে না পারলে অনুরোধ জানাচ্ছি, সরে দাঁড়ান।”
যৌন উত্ত্যক্তকারীদের নর্দমার কীটের সাথে তুলনা করে তিনি বলেন, “কিছু সংখ্যক নর্দমার কীটের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হতে দিতে পারি না। তাই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য ধরে রাখার জন্য দোষীদের শাস্তি দাবি করছি।”
এমাজউদ্দিন আহমেদ আরো বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রীদের অপমান করেছে তারা শুধু কোমলমতি মেয়েদের অপমান করেনি পুরো জাতিকে অপমান করেছে। এ ঘটনা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল।”
সিটি কর্পোরেশন নির্বাচনে নারীরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে না পারে তার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








