নীলফামারীতে ৩ হাজার যুবলীগ কর্মীর পদত্যাগের সিদ্ধান্ত
নীলফামারী: বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদে জেলার সৈয়দপুরের বিভিন্ন শাখার তিন হাজার যুবলীগ নেতাকর্মী দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হীন উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি গঠনের ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার বিকেলে সৈয়দপুর টাউন হলে সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি মহসিনুল হক মহসীন এ কথা জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহাত সরকার, সহ-সভাপতি মহসিন আলী রুবেল, খলিলুর রহমান, আমিনুল হক, ইলিয়াস হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘ভাইজান’ খ্যাত একজন ও হাতেগোনা ক’জন সুবিধাবাদী নেতাদের উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবলীগের কমিটি পকেটস্থ করার জন্য দলের গঠনতন্ত্র উপেক্ষা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছে ওইসব নেতার আত্মীয়, দলের নিষ্ক্রিয় কর্মী ও স্বাধীনতা বিরোধীর সন্তান।
বক্তারা বলেন, জেলা যুবলীগের কমিটিকে না জানিয়ে এবং কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়াই গঠনতন্ত্র বহির্ভূতভাবে গোপনে কমিটি গঠন করায় ওই কমিটির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ এবং তা গ্রহণযোগ্য নয়। তাই জেলা যুবলীগের চলতি কমিটি বহাল রয়েছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক মহসীন আরো বলেন, বিতর্কিত ওই কমিটি বহালের চেষ্টা চলছে এবং তাই যদি হয়, জেলা যুবলীগসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার তিন হাজার নেতাকর্মী পদত্যাগ করবে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








