পদ্মার তীর ভেঙে নদীতে চাপা পড়ে ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে পদ্মানদীর তীর ভেঙে পানির মধ্যে মাটিচাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে উপজেলার উজিরপুর ৩নং বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজিরপুর ইউনিয়নের বাবুপুর বাইড়া পাড়া গ্রামের মৃত নুরসেদ আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪০)এবং একই এলাকার তপুরুদ্দিনের ছেলে খুদু আলী(৩০)
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রোববার ভোর চারটার দিকে বাড়ির পাশের বাধঁ এলাকায় বাধেঁর ভাঙনরোধে নদী তীরে ফেলা জিও ব্যাগগুলো নদীর নিচ থেকে সংগ্রহ করার জন্য যান সেরাজুল ও খুদু। এসময় আকস্মিকভাবে নদীর তীরের একখণ্ড মাটি ধসে তাদের উপর পড়ে গেলে তারা সেখানে মাটি চাপাপড়ে মারা যান। সকালে বাড়ির লোকজন তাদের বিলম্ব দেখে নদী তীরে গিয়ে শুধু কোদাল দেখতে পান। পরে নদীর মধ্য থেকে মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে রওনা হচ্ছে। লাশ উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








