পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
মাগুরা: সদর উপজেলার মঘিরঢাল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সড়কে ডাকাতি করার সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান।
শুক্রবার রাত সোয়া দুইটার দিকে মঘিরঢালের মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম (৪০) ওরফে মোয়াজ্জেম ওরফে নজরুল। তার বাড়ি সাতক্ষীরায়।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, একটি দা, একটি চাপাতি, একটি করাত, একটি পাইপগান, বিস্ফোরিত গুলির খোসা ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
রফিকুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে ডাকাতি ও খুনের ২৯টি মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাগুরা-যশোর সড়কে টহল দেয়ার সময় পুলিশ লক্ষ্য করে মঘিরঢাল এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি করছিল একদল ডাকাত। পুলিশ ঘটনাস্থলের কাছে যেতেই ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পর পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর ঘটনাস্থল থেকে রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








