স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বই কিনতে উলিপুর বাজারে যায় দুই কিশোরী। বই কিনে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডের কাছে গাড়ির অপেক্ষা করছিল তারা। এসময় কয়েকজন লোক জোর করে তাদেরকে পাশের তেলের গুদামে নিয়ে গিয়ে একজনকে গণধর্ষণ করে। অপর কিশোরীকেও ধর্ষণের চেষ্টা চালানো হয়। ঘটনার পরই বিষয়টি পরিবারকে জানায় নির্যাতিত কিশোরী।
এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরপর শুক্রবার রাতে ওই তেলের গুদামের দারোয়ানসহ তিন জনকে আটক করে পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি জানার পর তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা নেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








