প্রতিটি ঘরে বিদ্যুৎ যাবে: মৎস্য প্রতিমন্ত্রী
খুলনা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বিদ্যুৎ উন্নয়নের পূর্বশত। ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।
শুক্রবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে বর্তমানে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।”
তিনি নতুন গ্রাহকদের বিদ্যুতের অপচয় না করে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সহসভাপতি মো. আবুল কালাম মহিউদ্দীন, সমিতির ডিজিএম (টেকনিকাল) প্রকৌশলী মনোহর বিশ্বাস, রঞ্জন কুমার সরদার প্রমুখ।
শোভনা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে বিদ্যুৎ লাইন সংযোগে মোট ৮ লাখ ৮৮ হাজার ৩ শ ৫০ টাকা ব্যয় হয়। শুক্রবার ৩২ জন নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








