News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

ভোটে বিএনপি নাশকতার জবাব পাবে: আশরাফ

ভোটে বিএনপি নাশকতার জবাব পাবে: আশরাফ

ঢাকা:  ‘অপশাসনের’ জবাব সিটি নির্বাচনে জনগণ দেবে খালেদা জিয়ার এমন আহ্বানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আসন্ন ভোটে বিএনপিই নাশকতার জবাব পাবে।

বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

সভায় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “এবার ভোটারদের সুযোগ, বিএনপিকে না বলা, জামাতকে না বলা। অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে জনগণ পছন্দ করে নাই।”

সরকার পতনের ডাক দিয়ে জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে একথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।

অবরোধে ৫ জানুয়ারি থেকে পরবর্তী ৯২ দিন পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১৩০ জনের বেশি মানুষ মারা যান, আহত হন সহস্রাধিক। এ সময়ে কয়েক হাজার গাড়ি পোড়ানো হয় সারাদেশে।

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে আশরাফ ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনেই দল সমর্থিত প্রার্থীদের জয়ের আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমার ধারণা, যে পরিবেশ পাচ্ছি, জনগণের কথা শুনে মনে হয়েছে, তিনটি সিটি করপোরেশনে আমাদের সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে।”

বিদ্যমান স্থানীয় সরকার নির্বাচনে আইনের কাঠামোর মধ্যে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের দল সমর্থিত প্রার্থীদের জন্য প্রচার চালানোর আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
 
কাউন্সিলর প্রার্থী নিয়ে দলের মধ্যে অসন্তোষ প্রশ্নে  আশরাফ বলেন, “সবকিছু পর্যবেক্ষণ করেই আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থী ঠিক করেছে।”

আগামীতে দলীয়ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আইন সংশোধনের পরিকল্পনার কথা জানান আশরাফ।

এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উত্থাপন করেছেন বলে জানানো হয়।

আশরাফ বলেন, “দলীয় ভিত্তিতে নির্বাচন হলে দলে ডিসিপ্লিন থাকে, জবাবদিহিতা থাকে এবং গণতন্ত্র শক্তিশালী হয়।”

বাংলাদেশ ছাড়া সবদেশে স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হয় দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এবারই দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ইচ্ছা ছিল।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়