News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

প্রতিরোধের শেষদিন ২৮ এপ্রিল: খন্দকার মাহবুব

প্রতিরোধের শেষদিন ২৮ এপ্রিল: খন্দকার মাহবুব

ঢাকা: আমাদের ঘরে বসে থাকলে হবে না, ২৮ এপ্রিল রাজপথে নামতে হবে। এদিনই হবে সরকারের বিরুদ্ধে প্রতিরোধের শেষদিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন।   

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত ইলিয়াস আলী নিখোঁজের তিনবছর পূর্ণ হওয়ার প্রতিবাদে এবং সালাহউদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতাদের অবিলম্বে ফেরৎ দেওয়ার দাবিতে ‘প্রতিবাদী যুবসমাবেশ’ শীর্ষক  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি  বলেন, “সময় এসেছে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। আমরা লগি-বৈঠা নিয়ে রাজপথের আন্দোলনে নামবো না। দেশবাসী দেখেছে মৃতদেহের ওপর আওয়ামী লীগের লোকেরা কীভাবে নৃত্য করেছে। আমরা গণতান্ত্রিক পন্থায় এ সরকারের পতন ঘটাবো।”

তিনি বলেন, “গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরশাসক ক্ষমতায় রয়েছে। প্রতিবাদের সময় চলে গেছে, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

পুলিং স্টেশনগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন,  “আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতিটি পুলিং স্টেশনে অবশ্যই সিসি ক্যামেরা বসাতে হবে।”  

কেউ অপহরণের শিকার হলে তাদের খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এমন মন্তব্য করে তিনি বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় এসব বাহিনী চলে। কিন্তু তারা যদি তাদের দায়িত্ব ঠিকমত পালন না করে তাহলে অপহরণ-খুন সহজে বন্ধ হবে না।”

স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ সভাপতি আবু নাসের রহমতউল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড.আহমেদ আজম খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়