News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫১, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

আশায় আছেন ‘নিখোঁজ’ ইলিয়াসের স্ত্রী

আশায় আছেন ‘নিখোঁজ’ ইলিয়াসের স্ত্রী

ঢাকা: বিএনপি নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, তিন বছর ধরে আশায় আছি ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরবেন।

শুক্রবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইলিয়াস আলীর নিখোঁজের দিনটিকে স্মরণ করে তার স্ত্রী তাহসিনার সঙ্গে দেখা করতে যান। এসময় লুনা সাংবাদিকদের এ আশার কথা বলেন। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে নিখোঁজ হন ইলিয়াস আলী।

লুনা বলেন, “ইলিয়াস আলি নিখোঁজ হবার পর আমি সরকারের সর্বোচ্চ পর্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তিনি আমাকে কথা দিয়েছিলেন বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন। কিন্তু প্রধানমন্ত্রীর সে কথার ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। আমি আশা করি, প্রধানমন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমি আমার স্বামীকে ফিরে পাবো।”

লুনার সঙ্গে দেখা করে এসে রিপন সাংবাদিকদের বলেন, “এই দিনটি ইলিয়াস আলীর পরিবার ও বিএনপির জন্য কষ্টের দিন। তার অভাবটা আমরা সবসময় অনুভব করি এবং বিএনপিতে তার পদ এখনো বহাল রয়েছে। তাকে ফিরে পাওয়া না গেলে এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কজনক দিন হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে।”

রিপন বলেন, “এম ইলিয়াস আলী ও সালাহ উদ্দিন আহমদেরে নিখোঁজের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। রাজনীতিতে ভয়ের সংস্কৃতি গণতন্ত্রের জন্য ভালো না। সরকার যদি ভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করে ক্ষমতায় টিকে থাকবে তাহলে তারা ভুল করবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবীব, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবীব, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা শামসুল আলম তোফা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়