News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

‘রাজাকারের জায়গা হবে না: আ.লীগ আবার সরকারে যাবে’

‘রাজাকারের জায়গা হবে না: আ.লীগ আবার সরকারে যাবে’

মেহেরপুর:মুজিবনগর দিবসে আওয়ামী লীগ নেতারা বলেছেন, পাকিস্তানি প্রেতাত্মাদের এদেশে জায়গা হবে না। ২০১৯ সালে মানুষকে ভালোবেসে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।

২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি প্রায় ৩৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীকে হত্যা করেছিল এমন অভিযোগ করে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “বিএনপি-জামায়াত মুখে ইসলামের কথা বলে আর জায়নামাজ ও পবিত্র আল কোরানসহ নারী-শিশুদের পেট্রল বোমা দিয়ে পুড়িয়ে দগ্ধ করছে।”

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা নিবেদনশেষে শেখ হাসিনা মঞ্চে আয়োজিত বিশাল জনসভায় নেতারা এসব কথা বলেন।  

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, জাতীয় সংসদ হুইপ সোলাইমান হক জোয়ার্দার সেলুন, মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি, সংসদ সদস্য মকবুল হোসেন, সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, কুষ্টিয়া জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শরিফ উদ্দীন রিমন, জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলী প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, “মানুষ হত্যাকারী খালেদা জিয়ার সাথে কোনো সংলাপ কিংবা আলোচনা হবে না। ২০১৯ সালের একদিন আগেও সংসদ নির্বাচন হবে না।”

বাংলাদেশে রাজাকারদের জায়গা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, “স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ ও ছাত্রছাত্রীদের নতুন বই ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। দ্রুতগতিতে দেশের উন্নয়ন  হবে। তবে এদেশে রাজাকারদের জায়গা হবে না।”
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকার কথাটা ভুল। কেননা ওই সরকারের ধারাবাহিকতায় দেশ চলছে।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “পৃথিবীতে যতগুলো জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। জামায়াত-বিএনপি দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। চক্রান্ত প্রতিহত করে বাংলার মাটি থেকে তাদের চিরতরে বিদায় করতে হবে।”

মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, “যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ঘাতকরা। জামায়াতের অঘোষিত আমির খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র করে চলেছে।”

এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এসময় তিনি মুক্তিযোদ্ধাদের নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন।

ওয়ার্কার্স পার্টির পলিট  ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “আমি মুজিবনগরে বক্তব্য দিতে আসিনি। এসেছি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলকে শ্রদ্ধা জানাতে।”

তিনি বলেন, “মুজিবনগর আমাদের নৈতিকতা ও চেতনার রাজধানী।”

জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার সেলুন বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ’৭১ সালের আলবদর বাহিনী  মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন করে দেশকে হানাদার ও রাজাকার মুক্ত করতে হবে।”

মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেন, “দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিলাম। তাই যে কোনো মূল্যে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলী মেহেরপুর জেলায় ট্রেন লাইন চালু করার দাবি জানান।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু মুজিবনগরে স্থলবন্দর চালুর আহবান জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়