News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

‘যতই প্রতিবন্ধকতা আসুক বিএনপি নির্বাচনে থাকবে’

‘যতই প্রতিবন্ধকতা আসুক বিএনপি নির্বাচনে থাকবে’

ঢাকা: যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সিটি নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। এ নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলেও তিনি মন্তব্য করেছেন।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।


মওদুদ বলেন, “এ নিবার্চনে ২০ দলের অংশ নেয়ার উদ্দেশ্য হচ্ছে চলমান আন্দোলন জোরদার করা। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। এ নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের ভোট দিয়ে জনগণ নীরব বিপ্লব ঘটাবে।”

নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে জানিয়ে তিনি বলেন, “এর বহিঃপ্রকাশ হচ্ছে, গতকাল বিএনপি সমর্থিত ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে আটক ও বাসায় বাসায় পুলিশ পাঠিয়ে হয়রানি। এদিকে সরকারদলীয় প্রার্থীকে মামলা থেকে অব্যহতি দেয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “২৮ এপ্রিল অবাধ ও সুষ্ঠু নিবার্চন হলে দল ও জোট সমর্থিত মেয়র ও কাউন্সিলর বিপুল ভোটে জয়লাভ করবেন। দল থেকে যাদের আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের পক্ষে সবাইকে কাজ করতে হবে। বেশি জোর দিতে হবে তাবিথ আউয়ালের পক্ষে।”

আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি বলেন, “সরকার সমর্থিত প্রার্থী মসজিদে অনুদান দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।”

উত্তর সিটি পরিচালনা সমন্বয় কমিটি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সিটি নিবার্চন পরিচালনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে।”

এ সময় ঢাকা উত্তর সিটি নিবার্চনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, “নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে স্বল্প সময়ে যতটুকু সাড়া পেয়েছি তাতে মনে হচ্ছে জনগণ অপেক্ষায় আছে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে রায় দেয়ার জন্য।”

তিনি আরো বলেন, প্রচারণায় বাধা, প্রতিবন্ধকতা ও পুলিশি হয়রানির কারণে অনেক শীর্ষনেতাই প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না। এমন কী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।”

মতবিনিময় সভায় আরো অংশ নেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, সদ্য কারামুক্ত যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও তার মা নাসরিন ফাতেমা আউয়াল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) খন্দকার গোলাম মূর্তজা, খেলাফত মজলিশের সৈয়দ মজিবুর রহমান, মাওলানা শফিকউদ্দিন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জেবেল রহমান গানি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

উল্লেখ্য, ৫ এপ্রিল খালেদা জিয়া গুলশান কার্যালয় ত্যাগ করার পর এই প্রথম দলের সিনিয়র নেতারা এখানে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়