News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৫, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

জনতার মুখোমুখি উত্তরের ১৩ মেয়র প্রার্থী

জনতার মুখোমুখি উত্তরের ১৩ মেয়র প্রার্থী

ঢাকা: জনতার মুখোমুখি হয়ে নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতিমুক্ত সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন উত্তরের ১৩ জন মেয়র পদপ্রার্থী। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও ঘোষণা দেন তারা।

শুক্রবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ‘জনগণের মুখোমুখি অনুষ্ঠানে’ তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে উত্তরের ১৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে অনুষ্ঠানের শেষদিকে এসে উপস্থিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। অনুষ্ঠানে উত্তরের চার শতাধিক ভোটারও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, বিএনপি সমর্থিত তাবিথ আওয়াল, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ বাবুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, অভিনেতা নাদের চৌধুরী, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, আবদুল্লাহ রতন প্রমুখ।

প্রত্যেক মেয়র প্রার্থী ৫ মিনিট করে বক্তব্য দেয়ার সুযোগ পান। কে আগে বক্তব্য দেবেন, সেটাও নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। পাশাপাশি ভোটারদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তারা।

মেয়র প্রার্থীরা যেসব অঙ্গীকারের কথা ব্যক্ত করেন সেগুলো হচ্ছে, ঢাকাকে সুন্দরভাবে সাজাতে হলে দুর্নীতি ও মাদকমুক্ত করতে হবে। যানজট, জলাবদ্ধতা ও ভেজালমুক্ত আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সিটি করপোরেশনকে গড়তে হবে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে।

তারা আরো অঙ্গীকার করেন, নির্বাচিত হলে প্রত্যেকেই এসব বাস্তবায়ন করবেন। এছাড়া সুজন প্রণীত ১৩ দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন মেয়র প্রার্থীরা।

সুজনের অঙ্গীকারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকা, আচরণবিধি মেনে চলা, পরাজিত হলে গণরায় মেনে নেয়া, জয়ী হলে সবার মৌলিক চাহিদা নিশ্চিত করা।

প্রার্থী ছাড়াও অনুষ্ঠানে এসে শপথ করেছেন ভোটাররা। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে ভোট না দেয়া, টাকার বিনিময়ে ভোট বিক্রি না করাসহ বিভিন্ন অঙ্গীকার করেন তারা।

নাসফের সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, নসফের সাধারণ সম্পাদক তৈয়ব আলী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়