News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪১, ১৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে মিলনের ইশতেহার ঘোষণা, ১৮ অঙ্গীকার

সিটি নির্বাচনে মিলনের ইশতেহার ঘোষণা, ১৮ অঙ্গীকার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের মেয়র প্রার্থী মিলন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারে ঢাকাবাসীর কাছে ১৮টি অঙ্গীকার করেন মিলন। তার অঙ্গীকারগুলো হচ্ছে-

এক. রাজধানী ঢাকাকে যানজট মুক্ত রাখা।

দুই. ঢাকাবাসীদের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা।

তিন. পরিচ্ছন্ন ঢাকা উপহার দেয়া হবে অন্যতম প্রধান লক্ষ্য।

চার. মশা ও মাছি থেকে ঢাকাকে মুক্ত রাখা।

পাঁচ. আইল্যান্ডসমূহে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা।

ছয়. ঢাকাকে গড়া হবে সন্ত্রাস ও চাঁদাবাজীমুক্ত এলাকা হিসেবে।

সাত. জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়ার প্রয়োজন হলে সকল বিভাগের সমন্বিত কর্মপদ্ধতি গ্রহণ করা হবে।

আট. ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা হবে।

নয়. বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করা হবে এবং এই ঐতিহ্যবাহী নদীকে দূষণমুক্ত রাখা হবে।

দশ. গণ পরিবহন ব্যবস্থা উন্নত ও আরামপ্রদ করা হবে এবং পর্যাপ্ত পরিবহন রাখার ব্যবস্থা করা হবে।

এগার. সিটি কর্পোরেশনের আয়ের নতুন খাত বের করে আয় বৃদ্ধি করা হবে। রাজধানীবাসীর ট্যাক্স বাড়ানো হবেনা।

বারো. ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ করা হবে।

তেরো. ভবঘুরে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করে রাজধানীকে ভিক্ষুকমুক্ত রাখা হবে।

চৌদ্দ. ব্যস্ততম রাস্তাসমূহের উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।

পনের. সিটি কর্পোরেশনে অন্তর্গত সকল এলাকার রাস্তাঘাট চলাচলের উপযোগী রাখা হবে।

ষোল. রাজধানী ঢাকাকে সকল সময়ের জন্য হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য জনমত গঠন করে আইন প্রণয়ের উদ্যোগ নেয়া হবে।

সতের. রাজনৈতিক সভা-সমাবেশ অনুষ্ঠানের জন্যে সুনির্দিষ্ট মাঠ বা জায়গা নির্ধারণ করে দেয়া হবে।

আঠারো: সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

ইশতেহার ঘোষণার এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর দক্ষিণের আহ্বায়ক সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মহানগর সেক্রেটারি জহিরুল আলম রুবেল প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়