ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে এ ভাষণ দেবেন তিনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বিষয়টি নিশ্চিত করেছেন। সে অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় ভাষণটি সম্প্রচারিত হবে।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লেভেট জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে প্রেসিডেন্ট ট্রাম্প ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এর আগে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির ইঙ্গিতও দেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানও হামলা শুরু করে। শুরুতে স্বল্প সময়ের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার কথা বলা হলেও এক মাস পেরিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার হুমকি ইরানের
যুদ্ধের শুরুতেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা এখনো কার্যত বন্ধ রয়েছে। কেবল মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এ অবস্থায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত লক্ষ্য হয়ে উঠেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








