News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২২, ১৮ জানুয়ারি ২০২০

অচল শিল্পকলা সচল

অচল শিল্পকলা সচল

মিরসরাই: দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর অবশেষে চাঙ্গা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা শিল্পকলা একাডেমি। এতে মিরসরাই সংস্কৃতি অঙ্গন এবং এখানকার সংস্কৃতি প্রেমীদের মধ্যে সুবাতাস বইছে।

দেশীয় সংস্কৃতির চর্চা ও স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর সার্বিক সহযোগিতায় ১৯৭৪ সালে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পথচলা।

চট্টগ্রামের মিরসরাই উপজেলা শাখা চালু হয় ২০০৭ সালে। প্রতিষ্ঠার পর বেশ কবছর এর কার্যক্রম স্তিমিত থাকে। বর্তমানে কার্যক্রম শুরু হওয়ায় চাঙ্গা হতে চলেছে উপজেলার এ একাডেমি।

জানা যায়, বর্তমানে সপ্তাহে প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় মিরসরাই উপজেলা শিক্ষা অফিসে চলে সংস্কৃতি চর্চার আসর। এ সংস্কৃতি চর্চার সাথে বর্তমানে যুক্ত হয়েছেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী। সম্প্রতি তিনি মিরসরাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আর সঙ্গীতের নতুন প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত প্রশিক্ষক নির্মল দাস লক্ষণ। নিয়মিত নৃত্যের প্রশিক্ষণ দিচ্ছেন প্রমি চৌধুরী।

দীর্ঘদিন পর নতুন এক জীবন ফিরে পেয়েছে মিরসরাই উপজেলা শিল্পকলা একাডেমি। একটি সৃজনশীল সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন একাডেমিরর নবাগত সাধারণ সম্পাদক।

সংস্কৃতি প্রিয় লোকজন মনে করেন যে, দেশীয় সংস্কৃতির চর্চা করা এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শিল্পকলা একাডেমি।
 
সোমবার প্রতিভাময় শিল্পী অন্বেষণে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফরে যান একাডেমির সাধারণ সম্পাদক। সাথে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, সাংবাদিক ইলিয়াছ রিপন।

নবাগত সঙ্গীত প্রশিক্ষক নির্মল দাস লক্ষণ বলেন, “শিল্পকলায় সঙ্গীত শিখতে সকলের আগ্রহ রয়েছে। এখনাকার অভিভাবকরা অনেক সচেতন। প্রতি সপ্তাহে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের গান শেখাতে এখানে নিয়ে আসেন।”

শিল্পকলা একাডেমিতে গান শিখতে আসা মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র নেহাইনুল কাদের চৌধুরী নিতু জানায়, “আমি ৩ বছর ধরে নৃত্য ও গান শিখছি। এখানে আমরা অনেকে একসাথে গান শিখি। সবাই একসাথে গান শিখতে পারলে অনেক কিছু শেখা যায়। নিজেকে একজন গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য শিল্পকলায় ভর্তি হওয়া। মা বাবা দুজনেই গান শেখার জন্য আমাকে অনুপ্রেরণা দেন।”

উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রহমান চৌধুরী বলেন, “আমি শিল্পীদের পছন্দ করি, সকল ভালো কাজে আমি উৎসাহ দিই। লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সঙ্গীত চর্চা করলেই শিক্ষার্থীরা শিল্পীমনা হয়ে উঠবে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়