শিক্ষামন্ত্রণালয়ে চেকের খোঁজে মেয়র!
ঢাকা: প্রতারকের খপ্পরে পড়ে বিকাশের মাধ্যমে টাকা খুইয়ে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে চেক নিতে এসেছিলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌর মেয়র আব্দুল হাই আকন্দ।
বুধবার দুপুরে সচিবালয়ে এসে মেয়র বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারকরা মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে ০১৯১০-০৪২২৪২ নম্বর থেকে ফোন করে।
ওসিকে বলা হয়, শিক্ষামন্ত্রীর বাসার কাজের মেয়েটির বাড়ি মুক্তাগাছায়। মেয়েটি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার মারা গেছে সে। তার লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। তার চিকিৎসা ও লাশ পাঠাতে অনেক টাকা খরচ হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন মেয়র সাহেবকে একটু বলে দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়র আব্দুল হাই আকন্দকে কথিত যুগ্মসচিবের ফোন নম্বরটি মেয়রকে দিয়ে কথা বলতে বলেন।
মেয়র ওই প্রতারককে ফোন করলে সে একই কথা বলে আরও জানায়, শিক্ষামন্ত্রী নগদ ১০ হাজার টাকা দিয়েছেন। আরও ২৪ হাজার ৫৭৫ টাকা বকেয়া পড়েছে। এ টাকা না দিলে লাশ হস্তান্তর হচ্ছে না। এ টাকা মেয়র দিলে শিক্ষামন্ত্রী আজই বিকেল ৩টায় তাকে এক লাখ টাকার চেক দেবেন। এখান থেকে ২৪ হাজার ৫৭৫ টাকা রেখে বাকি টাকা মেয়র সাহেব ওই মেয়েটির পরিবারকে দেবেন। মেয়র বিকাশের মাধ্যমে উক্ত টাকা পাঠান।
মেয়র প্রতারকের কথামতো দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসে যুগ্মসচিবের (নাম মনে করতে পারছিলেন না) খোঁজ করেন। চেকের খোঁজে শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে আসেন।
মেয়র আব্দুল হাই জানান, ওসি আমাকে নম্বর দিয়েছেন, আমি কী করে অবিশ্বাস করি! প্রতারণার বিষয়টি আমার মাথায়ই আসেনি।
শিক্ষামন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








