News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:৩৮, ২৫ জানুয়ারি ২০২০

কাসেমের মামলার সারসংক্ষেপ জমার নির্দেশ

কাসেমের মামলার সারসংক্ষেপ জমার নির্দেশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজা থেকে খালাস চেয়ে করা মীর কাসেম আলীর আপিল আবেদনের সারসংক্ষেপ ২০ মের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদেশ অনুয়ায়ী আাগামী ২০ মের মধ্যে আসামিপক্ষের আইনজীবীরা আপিলের সারসংক্ষেপ জমা দেবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সারসংক্ষেপ জমা দেবেন ২০ মে থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে।

আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন তুহিন, অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনির। অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর আপিলটি দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন এটি দায়ের করেন।

আপিল দায়েরের পর আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ শিশির মুনির জানান, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করা হয়েছে। পাঁচটি ভলিউমে এক হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলটি দায়ের করা হয়েছে। আপিল আবেদনে ১৫০ পৃষ্ঠায় ১৮১টি যুক্তি দেখানো হয়েছে।

আপিলে কাসেমের পক্ষে কি যুক্তি তুলে ধরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মামলার একজন সাক্ষীর জন্ম ১৯৭৭ সালে কিন্তু তিনি ৭১ সালের ঘটনা দেখেছেন, কিসের ভিত্তিতে তিনি তা দেখেছেন তার যুক্তি রয়েছে। অন্য যুক্তি হলো এ মামলার এক অভিযোগে টুলটু সেন ও রঞ্জিতকে ৭১ সালে হত্যা করা হয়েছে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের জেরায় বলেছেন- ২০১২ সালের টুলটু সেনের জবানবন্দি গ্রহণ করেছেন। এসব যুক্তির ভিত্তিতে কাসেমের খালাস চেয়ে আপিল করেছি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়