খালেদার এজাহার মামলা হিসেবে নথিভুক্ত
ঢাকা: এক ঘণ্টা ২০ মিনিট অপেক্ষার পর খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। তবে এখনো এ মামলায় কাউকে আটক করা হয়নি।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর ফজলে এলাহী বাদী হয়ে মামলার এজাহার তেজগাঁও থানার ডিউটি অফিসারের কাছে জমা দেন। তবে এসময় থানায় ওসি না থাকায় মামলাটি এজাহারভুক্ত করা হয়নি। পরে বেলা ১২টা ৫ মিনিটে মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন তেজগাঁও থানার ডিউটি অফিসার রমজান।
তিনি জানান, “ফজলে এলাহী বাদী হয়ে দায়ের করা মামলাটির নম্বর ৪০। এই মামলায় আওয়ামী লীগের অজ্ঞাত পরিচয় শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ সময় খালেদার প্রধান নিরাপত্তা সমন্বয়কারীর সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
মাহাবুব উদ্দিন খোকন বলেন, “আমরা সোমবারে বেগম জিয়ার গাড়িবহরে যে হামলা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মামলা করতে এসেছি। ডিউটি অফিসার আমাদের এজাহারটি গ্রহণ করেছেন। আমরা অভিযোগে বলেছি, গতকাল বেগম জিয়া কারওয়ান বাজারে ২০ দলের সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন সরকার দলীয় কিছু লোক পুলিশের সামনেই তার গাড়িবহরে হামলা চালায় ও ভাংচুর করে।”
প্রসঙ্গত, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থৗ তাবিথ আউয়ালের পক্ষে বক্তব্য দেওয়ার একপর্যায়ে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এ ছাড়া লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙে হামলাকারীরা। এতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ পাঁচজন আহত হন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








