News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৯, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

‘খালেদাকে হত্যার জন্যই হামলা’

‘খালেদাকে হত্যার জন্যই হামলা’

ঢাকা: আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ  বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। খালেদা জিয়া গাড়ির যে অংশে বসা ছিলেন সে অংশে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। গাড়ি বুলেট প্রুফ হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কতিপয় মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্যের কারণে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তা না করে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার দায়ে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীসহ ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে ছাত্রলীগের আল আমিন হামলা করেছে। অথচ প্রধানমন্ত্রী এ হামলাকে নাটক বলে অভিহিত করেছেন। এটা দুঃখজনক।

তিনি বলেন, নির্বাচন সফল করতে হলে নির্বাচন কমিশনকে দুইটি বিষয়ে কাজ করতে হবে। ১. প্রত্যেক ভোটরকে ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেওয়ার  পরিবেশ তৈরী করতে হবে। ২. প্রত্যেক প্রার্থী যেন ভোটারদের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রাণনাশের হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যকে দায়ি করছি।

তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। সরকার তাদের সমর্থিত প্রার্থীদের নিশ্চিত পরাজয় জেনে হামলা-মামলা শুরু করেছে। বিএনপি সমর্থিত কয়েকজন প্রার্থীদের গ্রেফতার করেছে। এসব ঘটনা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা ।

নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের কয়েকদিন আগে সেনাবাহিনী মোতায়ন করতে হবে। কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। যে সব থানার ওসিরা সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে তাদের চিহ্নিত করে বদলি করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়