যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ের করা রিট কার্যতালিকায়
ঢাকা: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে দায়ের রিট আবেদনটি শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সম্বনয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় ৪ নম্বরে রাখা হয়েছে এটি। বিষয়টি জানিয়েছেন রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, “আজ মঙ্গলবারের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য এসেছে। এটি কার্যতালিকার ৪ নম্বরে রাখা হয়েছে। আমি শুনানি করার জন্য আদালতে যাবো।”
উল্লেখ্য, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন সন্ত্রাসের ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে রিট আবেদনটি করা হয়ছিলো গত সোমবার। এতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়।
রিটে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহারিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ মোট ছয় জনকে বিবাদী করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএম/একে
নিউজবাংলাদেশ.কম








