News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি

নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়নি

ঢাকা: ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি উঠলে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার এ ইসির বৈঠকে এ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আরও দুই একদিন পরে এ সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে রয়েছেন বলে ইসির একটি সূত্র জানায়। অন্য চার কমিশনারের কেউ এর পক্ষে এবং কেউ বিপক্ষে অবস্থান করছেন।

দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি শুরু হয়ে বেলা আড়াইটার দিকে শেষ হয়। বৈঠকে সিটি নির্বাচন বিষয়ক আলোচনা ছাড়াও মাগুরা-১ আসনের উপ নির্বাচনে তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসি সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সেনাবাহিনী মোতায়েন হবে কি না, এ বিষয়ে কমিশনই সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি প্রক্রিয়াধীন। তবে সিইসির ঘোষিত সময়ের মধ্যেই জানিয়ে দেয়া হবে সেনা মোতায়েন হবে কী না।”

প্রসঙ্গত গত রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শেষে সিইসি জানিয়েছিলেন, “আগামী দুই একদিনের মধ্যে সেনা মোতায়েনের বিষয়ে ইসির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।” তার এমন বক্তব্যের পরে সোমবারের বৈঠকের দিকেই দৃষ্টি ছিলো সবার। অনেকেই ধারণা করেছিলেন, এ বৈঠকেই সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

পরে ইসি সচিবের কাছে নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের ১২টি মোবাইল টিম আছে। তারা দায়িত্ব পালন করছে। প্রতিদিন কতজনের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সেটা আমাদেরকে তারা রিপোর্ট করছেন।”

খালেদা জিয়াকে বাধা দেয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে ইসি তিনি বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত কোনো অভিযোগ এলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।”

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল তিন সিটিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়