ছিটমহলবাসীর বিক্ষোভ, স্মারকলিপি
পঞ্চগড়: ছিটমহল চুক্তি (ইন্দিরা মুজিব চুক্তি) বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও ভারতীয় হাইকমিশনার বরাবরে স্মারকলিপি দিয়েছে পঞ্চগড়ের ছিটমহলবাসী।
সোমবার দুপুর একটায় পঞ্চগড় জেলা শহরের জালাসী মোড়ে পঞ্চগড় জেলার অভ্যন্তরে ভারতের ৩৬ টি ছিটমহলের প্রতিনিধিরা একত্র হয়। সেখান থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহলের কয়েক শতাধিক ছিটমহলবাসী অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলশেষে এক পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড়-নীলফামারী জেলা শাখার সভাপতি মফিজার রহমান, কোটভাজনী ছিটমহলের চেয়ারম্যান আলতাফুর রহমান, বালাপাড়া ছিটমহলের চেয়ারম্যান সফিকুল ইসলাম কাজল, পুঠিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন বাবু ও ইউপি সদস্য মকলেছার রহমান প্রমুখ।
বক্তারা অবিলম্বে চুয়াত্তর সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের জোর দাবি জানান। পরে তারা পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বরাবর একটি স্মারকলিপি দেয়।
স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








