কালো পতাকা দেখিয়ে খালেদার গাড়িবহরে হামলা
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর করেছে। সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষ্যদর্শীসূত্রে জানা যায়, উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিত আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খালেদ জিয়া কারওয়ান বাজার যান। এসময় তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতার মিনিট ক্ষাণেকের মাথায় বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
হামলায় খালেদা বা তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া লাঠিসোটা নিয়ে একদল যুবক গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
হামলার মুখে এফডিসির সামনের রাস্তা হয়ে মগবাজারের দিকে চলে যায় খালেদা জিয়ার গাড়িবহর।
এর আগে খালেদা বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বনানী ফ্লাইওভার, বিজয় স্মরণী হয়ে কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের সমানে গিয়ে অবস্থান নেন।
এদিকে খালেদার গাড়িবহরে হামলার ব্যাপারে জানতে তেজগাওঁ থানায় যোগাযোগ করা হলে সেখানে কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই মাহবুব বলেন, “এ বিষয়ে আমাদের বলা নিষেধ। যা বলার ওসি স্যার বলবেন। প্লিজ ওনার সাথে দেখা কথা বলুন।”
পরে তার পরামর্শ অনুযায়ী ওসি মাজহারুল ইসলাম সাথে যোগাযোগ করতে বেশ কয়েক বার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
হামলার শিকার হওয়ার আগে কারওরান বাজারে গাড়ি থেকে নেমে খালেদা জিয়া বলেন, “আমরা ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য লড়ছি। আমাদের প্রার্থী তাবিথকে ভোট দিন। আমরা জিতলে সব গুন্ডামির জবাব দেওয়া হবে।”
এই বক্তব্যের কিছুক্ষণ পরই খালেদা জিয়ার গাড়িবহর হামলার কবলে পড়ে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








