News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৫, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

যৌন হয়রানির ঘটনায় মানবাধিকার কমিশন লজ্জিত

যৌন হয়রানির ঘটনায় মানবাধিকার কমিশন লজ্জিত

 

ঢাকা: বর্ষবরণ উৎসবের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর যৌন নিপীড়নের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ‘লজ্জিত’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান মিজানুর রহমান।

সোমবার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নববর্ষের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানি ও লাঞ্ছনার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন বিস্মিত, মর্মাহত ও লজ্জিত।”

পহেলা বৈশাখের ওই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মিজানুর রহমান।

কী হিংস্রতা ও নগ্নতা আমাদের মনের গহীনে বাসা বেঁধেছে মন্তব্য করে তিনি বলেন, এ ঘটনায় ‘সকল নারীর কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপনের দিন (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে এক দল যুবক নারীদের ওপর চড়াও হয়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী। সে সময় চার নিপীড়ককে ধরে পুলিশের কাছে দেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা।

ঘটনার সময় সেখানে পুলিশ থাকলেও নারীদের ওপর হামলা ঠেকাতে তারা কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। একইসাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও অবহেলার অভিযোগ উঠেছে।

বর্ষবরণের দিনি টিএসসি এলাকার সিসি ক্যামেরার ধারণ করা ছবি বিশ্লেষণ করলে একদল ব্যক্তির সন্ধান পাওয়া যায়, যারা একাধিক ঘটনায় নারীদের ওপর যৌন আক্রমণ চালিয়েছেন। ওই ঘটনায়  এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়