দুদকে এলজিইডির ৫ কর্মচারীর জিজ্ঞাসাবাদ চলছে
ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাঁচ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। এ জিজ্ঞাসাবাদ চলবে বিকেল পর্যন্ত।
সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এলজিইডি, নবাবগঞ্জ অফিসের কার্যসহকারী মোসা. শিউলী আক্তার, দোহার অফিসের কার্য সহকারী মাহমুদা আক্তার নিশা, সাভার অফিসের কার্যসহকারী মরিয়ম সাদিয়া সিথি, লক্ষীপুর রামগতি অফিসের কার্যসহকারী মো. আমিনুল ইসলাম ও এলজিইডির উচ্চমান সহকারী-৩ মো. আব্দুল মজিদ দুদকে হাজির হয়েছেন।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত এলজিইডির তত্ত্ববাধায়ক প্রকৌশলীসহ ১৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই
নিউজবাংলাদেশ.কম








