News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৭, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

চিহ্নিত নিপীড়ক ৪ যুবকই বহিরাগত

চিহ্নিত নিপীড়ক ৪ যুবকই বহিরাগত

ঢাকা: পয়লা বৈশাখে টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনায় চিহ্নিত চার যুবকের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী। ওই যুবকরা সবাই বহিরাগত বলে জানিয়েছেন তিনি। শাহবাগ থানায় পুলিশের তদন্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন প্রক্টর। তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত চার যুবকের ছবি তাকে দেখানো হয়। এ সময় তিনি পুলিশকে নিশ্চিত করেছেন ওই চার জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নন। তারা সবাই বহিরাগত।

এদিকে সেদিনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী। বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হচ্ছে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে শাহবাগ থানায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানকালে পুলিশের উচ্চ পর্যায়ের ওই তদন্ত কমিটির প্রধান পাঁচ থেকে ছয় জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন। এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গেও তারা কথা বলেছেন। এর মধ্যে ঘটনাস্থলের অদূরে চা দোকানি মো. শাহজাহান ও তার কর্মচারী হাবিবের বক্তব্য রেকর্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ওই দুই ব্যক্তি এ সময় তদন্ত কমিটিকে জানান, ঘটনার দিন ২০ থেকে ২৫ যুবক সংঘবদ্ধ হয়ে তরুণীদের বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ছাড়াও ভুভুজেলা নামে এক ধরনের বাঁশি বাজিয়ে তরুণীদের নানাভাবে হয়রানি করা হয়। এ সময় কেউ কেউ দুয়েকজন তরুণীর হাত ধরে টানাটানিও করেছে। দেখলে ওই যুবকদের তারা চিনতে পারবেন বলেও তদন্ত কমিটির কাছে জানিয়েছেন তারা।

এ সময় তদন্ত কমিটির অপর দুই সদস্য জয়েন্ট পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-পূর্ব) সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শাহবাগ থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওইদিন নারীর শ্লীলতাহানির মতো কোনো ঘটনা ঘটেছে কিনা কিংবা কারা এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশের কর্তব্যরত কোনো সদস্যের দায়িত্বে অবহেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য অভিযোগকারী না পেলেও পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ সময় তিনি অপরাধীদের খুঁজে বের করতে সবার সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনা তদন্তে পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে প্রকৃত ঘটনা জানতে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে। অন্যদিকে ঘটনার দিন পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা এ বিষয়টি নিশ্চিত হতে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইব্রাহিম খানকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী সাংবাদিকদের বলেন, শাহবাগ থানার এসআই আলী আশরাফকে প্রত্যাহার করা হয়নি। সেদিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আপাতত ছুটি দেয়া হয়েছে। তবে শনিবার রাতে রমনা জোনের উপপুলিশ কমিশনার আবদুল বাতেন এস আলী আশরাফকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানিয়েছেন, বর্ষবরণে শ্লীলতাহানির ঘটনার নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুর রহমান মজুমদার এবং অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা জানান।

যৌন হয়রানিকারীদের বিচারের দাবিতে ও ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর আমজাদ আলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক।

একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে রোববার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে বক্তারা এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও বিচার দাবি করেন।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পৃথক বিবৃতি এবং প্রতিবাদ সমাবেশ থেকে বখাটেদের শাস্তি দাবি করেছেন। সেদিনের সেই প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়