রাজধানীতে সপ্তম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। রোববার দুপুর ৩টার দিকে বাথরুমের ঝর্নার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নাসির খন্দকার (১৪) নামে ওই ছাত্র লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলে পড়ত।
নাসিরের মরদেহ উদ্ধার করে তার খালা ইয়াসমিন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। ২৩/২৪ শেখেরটেক, মোহাম্মদপুরে খালার বাসাতে থাকত নাসির।
ইয়াসমিন নিউজবাংলাদেশকে বলেন, “দু’বছর ধরে নাসির তার কাছে থেকে পড়াশুনা করছে। আজ দুপুরে নাসির বাথরুমে গোসল করতে ঢুকে আর বের না হওয়ায় আমি দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। নাসিরের বাবা হিরা খন্দকার রায়েরবাজার এলাকার মুদি-দোকানি।”
নাসির মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলো দাবি করে ইয়াসমিন আরো বলেন, “সে মানসিক সমস্যার কারণেই আত্নহত্যা করেছে।”
এদিকে ২১২/১০ উলন রোড, রামপুরায় রুখসানা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনিও আত্মহত্যা করেছেন।
আজ বিকেল ৩টায় তার লাশ উদ্ধার করে ঢামেকে নিয়ে যায় পুলিশ।
রামপুরা থানার এসআই শাফিক নিউজবাংলাদেশকে বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে বেলা আাড়াইটার দিকে ওই বাসার দরজা ভেঙে ফ্যানের সাথে ঝূলন্ত অবস্থায় রুখসানার লাশ উদ্বার করা হয়। নিহতের স্বামী মো. বাবুল ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।”
উল্লেখ্য, শনিবারও রাজধানীর আদাবর, আগারগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় গৃহবধূসহ মোট তিন তরুণী আত্মহত্যা করেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








