বাংলাদেশ-ভারত নৌচুক্তি নবায়নে ১২ সদস্যের ঢাকা ত্যাগ
ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের বৈঠক আগামীকাল থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে। এতে অংশ নিতে নৌ-সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল আজ সকালে ঢাকা ছেড়েছেন। এ বৈঠক চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
উক্ত বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) নবায়নসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দল ২৩ এপ্রিল দেশে ফিরবে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায়মিত্র, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মুনির চৌধুরী, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ফখরুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. দেলওয়ার হায়দার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দা সালমা জাফরিন, নৌ-পরিবহন সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম।
প্রতিনিধি দলে আরো রয়েছেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাহানারা মনিকা, এন বি আর এর প্রথম সচিব (কাস্টম) মোহাম্মদ এহতেশামুল হক, বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শফিকুল হক এবং গালফ ওরিয়েন্ট সিওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ।
উল্লেখ্য, প্রটোকলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে নৌ-সচিব পর্যায়ের ২য় সভা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হতে ২ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বিদ্যমান প্রটোকলের মেয়াদ ৩১ মার্চ ২০১৫ সালে উত্তীর্ণ হয়েছে।
পরবর্তী নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে লেটার অব এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান পিআইডব্লিউটিটি’র মেয়াদ ৩০ জুন ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








