News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৩, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৫০, ১৮ জানুয়ারি ২০২০

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের চার উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপা পড়ে ও ভেঙে পড়া ডালের আঘাতে বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছে।

শনিবার রাতে পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলার উপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এসব প্রাণহানি ঘটে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামে কালবৈশাখী আঘাত হানে। এসময় ঘরের ওপর রেইন ট্রি গাছ ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায়ই হযরত আলী (৩৫) ও তার ছেলে রিজন মিয়া (৭) চাপা পড়ে মারা যায়।

কটিয়াদীতে রাত সাড়ে ১২টার দিকে মশুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আব্দুল মান্নানের (৬০) ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।

অপরদিকে শনিবার রাত সাড়ে আটটার দিকে নরসিংদীর বেলাবো থেকে মাছ বিক্রি শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে এক জেলে কুলিয়াচরে বাড়ি ফেরার পথে দাড়িয়াকান্দিতে হঠাৎ ঝড়ে গাছ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই শীতল চন্দ্রের মৃত্যু হয়।

বাজিতপুরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড় বয়ে যায। এসময় বাড়ির উঠানে ছিল জিলালপুর ইউনিয়নের পাতালচর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে রিয়া আক্তার (১০)। হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়লে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়